Surjalok News

Header
collapse
Home / জাতীয় / সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন

2026-02-15  Surjalok Desk  132 views
img-2419.jpeg

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, বৈঠকের প্রথম আলোচ্য বিষয় ছিল সফল ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ প্রস্তাব। নির্বাচন পরিচালনায় যুক্ত সব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনকে উপদেষ্টারা ‘মহা সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও তারা মত দেন। নির্বাচন-পরবর্তী সহিংসতা অতীতের যেকোনো সময়ের তুলনায় কম হয়েছে উল্লেখ করে তিনি জানান, চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরাসরি নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় একজন নিহত হয়েছেন। হাতিয়ার একটি ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও বলেন, এ নির্বাচনে প্রথমবারের মতো ব্যাপকভাবে বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দেড় ঘণ্টা ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে বডি-ওর্ন ক্যামেরা নির্বাচন ব্যবস্থাপনার নিয়মিত অংশ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীন ও দৃঢ় ভূমিকার প্রশংসা করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও আইআরআইসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনের ইতিবাচক মূল্যায়ন করেছে বলে জানানো হয়। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়।

এ ছাড়া সদ্য পদত্যাগকারী সাবেক মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশিদের অবদানের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় সংসদের সাউথ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।


Share: