Surjalok News

Header
collapse
Home / জাতীয় / নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি জোরদার

নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি জোরদার

2026-02-10  Surjalok Desk  141 views
img-2077.jpeg

আর কয়েকদিন পরই শেষ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপদেষ্টাদের শেষ অফিস দিবস ছিল। একই সঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন ইতোমধ্যে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ও গঠনসংক্রান্ত আনুষঙ্গিক কাজ শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ীরাই সরকার গঠন করবে। তবে নতুন মন্ত্রিসভার সদস্যরা ঠিক কবে শপথ নেবেন, তা এখনো নির্ধারিত হয়নি। 

মন্ত্রিসভার সদস্যসংখ্যা নির্ভর করবে বিজয়ী দলের ওপর। তবে আগের সরকারগুলোর গড় আকার ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের পর প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন, এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। পরে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। 

রীতি অনুযায়ী বঙ্গভবনেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে আমন্ত্রিত অতিথিদের সম্ভাব্য তালিকা তৈরি ও শপথের ফোল্ডার প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এ কাজে মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবনের কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন। 

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল) গাড়ি প্রস্তুত করছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা ধরে গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। শপথের দিন যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের বাসা থেকে বঙ্গভবনে আনার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। 

১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে ছোট মন্ত্রিসভা ছিল ৩৭ সদস্যের এবং সবচেয়ে বড় ৬২ সদস্যের। সেই হিসেবে ৪০ থেকে ৫০ সদস্যের মন্ত্রিসভা ধরে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

নতুন মন্ত্রিসভার শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। এক উপদেষ্টা জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হতে পারে, এরপরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন এবং অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শপথ অনুষ্ঠানে বিতর্কিত কাউকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তও রয়েছে বলে জানা গেছে। 

পরিবহন পুলের কর্মকর্তারা জানান, বিদ্যমান গাড়ি ও উপদেষ্টাদের ব্যবহৃত গাড়ি মিলিয়ে অর্ধশত গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। নির্বাচনের ফলাফলের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সংখ্যার বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবে। 

সবশেষ ২০২৪ সালের ১১ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্য ছিলেন। পরে আরও সাতজন প্রতিমন্ত্রী নিয়োগ দিলে সদস্যসংখ্যা দাঁড়ায় ৪৪-এ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ওই বছরের ৫ আগস্ট মন্ত্রিসভা বিলুপ্ত হয় এবং ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে প্রধান উপদেষ্টাসহ ২০ জন উপদেষ্টা রয়েছেন। 


 


Share: