
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ নিয়ে তিনদিন পর্যন্ত দেরি হতে পারে এমন গুঞ্জনের মধ্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন নিয়ে যেসব শঙ্কা ছিল, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত দিনে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ফল ঘোষণায় বিলম্ব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিন দিন নয়, বরং শুক্রবারের মধ্যেই ফল দেওয়া যাবে।” আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে দ্রুত ফল সংগ্রহ করা সম্ভব হবে বলেও জানান তিনি। তবে দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য বিলম্ব হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে ও কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।
প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে জানিয়ে তিনি বলেন, প্রতি দুই ঘণ্টা পরপর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং নিরাপত্তা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ও কাজ করবে।