Surjalok News

Header
collapse
Home / জাতীয় / গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করতে পারবে না

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করতে পারবে না

2026-01-30  Surjalok Desk  173 views

 

img-0901.jpeg

 

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—যেকোনো পক্ষের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ।

এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করে।

ইসির নির্দেশনা বাস্তবায়নে সব কর্মকর্তা-কর্মচারীদের অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শুক্রবার গণভোটের প্রচারণা বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সংক্রান্ত নির্দেশনা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সবাই জেনেছেন। এখন অফিসিয়ালি জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে।”

অন্যদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছিলেন। তবে এখন ইসি বিধিনিষেধ দেওয়ায় ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো প্রচারণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন না।


 


Share: