জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছেন, কেন্দ্র দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার মিলনায়তনে উপজেলা জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
তিনি এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।
হাসনাত বলেন, আপনি আমার বিরুদ্ধে ভোট দেন, আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব। কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে, অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন—আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবই।’
দেবীদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ, এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।