Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিবাদে মিছিল

ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিবাদে মিছিল

2026-02-15  Surjalok Desk  130 views
97feee82-b9a6-4d63-9d6c-1dc26e3c1c80.jpeg

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের পর সন্ধ্যায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আজ তা অমান্য করেই কর্মসূচি পালন করা হয়।

রোববার বিকেলে পৌর শহরের জগথা এলাকায় ‘লিচু তলা’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সমবেত হন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।
সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথম তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, যুবলীগ নেতা সীমান্ত, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরো অনেকে।

আওয়ামী লীগের পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের ওই অস্থায়ী কার্যালয়ের সামনে যায়। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা প্রচারণা নিষিদ্ধ।


Share: