
রাজশাহী ব্যুরো:
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার-এর কঠোর নির্দেশে দুর্গাপুর উপজেলা-এ অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। দুই দিনের অভিযানে ১২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন নিষ্ক্রিয় করা হয়েছে এবং পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। কৃষিজমির উর্বরতা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অভিযান চালানো হয় উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা ও আনুলিয়া, কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী ও মঙ্গলপাড়া এবং নওপাড়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রামের বিল এলাকায়। দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে পাঁচটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ১২টি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয়।
উজানখলসী বিল এলাকায় দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে মামলা নং ১০(১৬/০৩/২৫), ১৩(২৪/০১/২৫), ০১(০২/০৩/২৫), ০৫(২৩/০২/২৫) এবং ১৫(২৩/০৬/২৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একাধিকবার সতর্ক করার পরও একটি প্রভাবশালী চক্র কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ প্রেক্ষিতেই প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভূমি মালিকদের অবৈধভাবে পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কোনো চক্র জোরপূর্বক খনন কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টপসয়েল নষ্ট হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।