
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ব্যক্তিগত গাড়ি ও নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন। সরকারি গাড়ি কিংবা তেলের খরচ নেন না এবং মন্ত্রী থাকাকালীন সময়েও নেবেন না। পাশাপাশি সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে ঘোষণা দেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছেন এবং স্থানীয়দের সহযোগিতায় জেলায় এক ধরনের শিল্পায়নের গতি তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে সর্বপ্রথম আধুনিক কৃষির ধারণা দেন আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে সমাদৃত। নিজেকে একজন কৃষক পরিচয় দিয়ে মন্ত্রী বলেন, কৃষকের বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
কৃষিতে কুমিল্লার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে জেলায় হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।